সিএনএমঃ
রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজপথে নামা পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে।
মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে সরে যাওয়ার পর মিরপুর-১ নম্বরের মাজার সংলগ্ন বাজার ও মার্কেট এলাকায় ভাঙচুর চালিয়েছেন আন্দোলনকারীরা।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুর-১ নম্বরের শাহ আলী এলাকায় এ ঘটনা ঘটে।
হিমালয় গার্মেন্টস ও বাগদাদ শপিং কমপ্লেক্সে ভাঙচুর করা হয়। শ্রমিকদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষের পাশাপাশি ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, দুপুর ২টা ৫ মিনিটের দিকে শাহ আলী থানাধীন হিমালয় গার্মেন্টসের নিরাপত্তাকর্মীদের সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের সংঘর্ষ হয়।
পরে মিরপুর-১০ থেকে আসা শ্রমিকরা গার্মেন্টসটি ও পাশের বাগদাদ শপিং কমপ্লেক্সে ভাঙচুর চালান। এসময় ঘটনাস্থলে প্রায় ১২০ থেকে ১৫০ জন শ্রমিক ছিলেন।
সকাল সাড়ে ১০টা থেকে মিরপুর-১০, মিরপুর-১১ নম্বরসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। এতে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
দুপুর আড়াইটার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে সরে যান আন্দোলনরত শ্রমিকরা। এরপর তারা মিরপুর-১ নম্বরের মাজার সংলগ্ন বাজার ও মার্কেট এলাকায় গিয়ে ভাঙচুর চালান।
এ তথ্য নিশ্চিত করেন মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার।
তিনি জানান, মিরপুর-১০ নম্বর থেকে শ্রমিকরা সরে যাওয়ার পর মিরপুর-১ নম্বরের মাজার সংলগ্ন বাজার ও মার্কেট এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটে।
মিরপুর বিভাগের ডিসি বলেন, যারা এসব ভাঙচুরের সঙ্গে জড়িত, তাদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 
























