হাসপাতালের করিডোরে
নুরুন্নবী সোহেল
হাসপাতালে শুয়ে
নিজের ব্যথাকেই
পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট মনে হচ্ছিল।
তারপর দেখলাম
পাশের বিছানায় কেউ
শুধু রোগ নিয়ে শুয়ে নেই,
কেউ শুয়ে আছে
অভাব নিয়ে,
কেউ অনিশ্চয়তা নিয়ে,
কেউ পরিবারের শেষ আশাটুকু
বুকে নিয়ে।
কারও কপালে
ব্যথার চেয়ে গভীর
দুশ্চিন্তার ভাঁজ।
তখন বুঝলাম—
মানুষের শরীরের ক্ষত
সবসময় সবচেয়ে গভীর ক্ষত নয়।
কেউ ব্যথায় কাঁদে,
কেউ কাঁদতেও পারে না।
শুধু চুপ করে বলে
“আমি ভালো আছি।”
অথচ সত্যি হলো—
এই পৃথিবীতে
আমরা কেউই পুরোপুরি ভালো নেই।
কেউ শরীর নিয়ে বেঁচে আছে,
কেউ অভাব নিয়ে,
কেউ স্মৃতি নিয়ে,
কেউ এক বুক নীরবতা নিয়ে।
হাসপাতাল থেকে হয়তো
একদিন ফিরে যাব,
কিন্তু সেই অসহায় চোখগুলো
আমার ভেতরে থেকে যাবে।
আর মনে করিয়ে দেবে….
জীবন আসলে
সুস্থ থাকার নাম নয়,
ভেঙে পড়েও
আরেকটি সকাল পর্যন্ত
বেঁচে থাকার নাম।।