সিএনএমঃ
জয়পুরহাটে পেটের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে ৫০০ পিস ইয়াবা পাচারের অভিযোগে মো. মুকুল (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁর পেট থেকে পাঁচটি প্যাকেটে থাকা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
শনিবার (১৮ জুলাই) জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ জুলাই) ক্ষেতলাল থানার দেওগ্রাম বেতার ঘরের তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে মো. মুকুলকে আটক করে ডিবি পুলিশের একটি দল। প্রাথমিক দেহ তল্লাশিতে কোনো মাদকদ্রব্য না পাওয়ায় চিকিৎসকের পরামর্শে তাঁর পেটের এক্স-রে করা হয়। পরে বিশেষ প্রক্রিয়ায় তাঁর পেটের ভেতর থেকে পলিথিনে মোড়ানো পাঁচটি প্যাকেটে থাকা মোট ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মুকুল জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ জামালপুর (দুধিয়াপাড়া) গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, ‘পুলিশ সুপারের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামি কক্সবাজার থেকে ইয়াবাগুলো গিলে জয়পুরহাটে নিয়ে আসছিল।’
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।