সিএনএমঃ
বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজকে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।
এদিন কারাগার থেকে আসামি জেবুন্নেসাকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেপ্তার দেখানোর যৌক্তিকতা তুলে ধরেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
২০২৫ সালের ১৬ মে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে থাকা অবস্থায় গত ২৮ জুন ভাটারা থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রিফাত আল আফসানী।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৪ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাজাকার’ সম্বোধন করে ব্যাঙ্গাত্মক করলে তারা বিক্ষুব্ধ হয়ে পড়েন। প্রতিবাদে দেশব্যাপী সর্বাত্মক শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়। ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১০টায় যমুনা ফিউচার পার্কের সামনে আন্দোলনে অংশ নেন রবিউল ইসলাম।
আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে তিনি আহত হন। এ ঘটনায় একই বছরের ২৫ ডিসেম্বর ভাটারা থানায় ভুক্তভোগী রবিউল ইসলাম নিজে বাদী হয়ে মামলা করেন।