সিএনএম ডেস্কঃ
শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৩ আগস্ট) সহধর্মিণী রাহাত আরা বেগমসহ পরিবারের সদস্যদের নিয়ে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে ওঠেন তিনি।
সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২-এ রাষ্ট্রপতিকে স্বাগত জানায় বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল। পরে অশ্বারোহী দলটি রাষ্ট্রপতির গাড়িকে এসকর্ট করে ক্রেডেনশিয়াল মাঠে নিয়ে যায়।
সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়।
গার্ড অব অনার শেষে বঙ্গভবনের অক্টাগনালে রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম।
আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তাঁর কার্যালয়ে যান। সেখানে বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে নিজ কার্যালয়ে বসে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন এবং বিভিন্ন নথিতে স্বাক্ষর করেন।
Reporter Name 
























