সিএনএমঃ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গার্মেন্টস কর্মীদের বেতন বৃদ্ধির আন্দোলনের নামে গাড়িতে আগুন দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
রবিবার (১ নভেম্বর) বিকেলে ঢাকা আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।
ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকারের উদ্যোগগুলো পাশ কাটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, গাড়িতে আগুন দেয়া হচ্ছে।
তিনি বলেন, জামায়াতের রাজনীতির ইতিহাস আত্মসমর্পণের ইতিহাস, জামায়াতের ইতিহাস স্বৈরশক্তির সঙ্গে গাঁটছড়া বাঁধার ইতিহাস। এক দফা আর রাজপথ দখলের হুঁশিয়ারি দিলে, হাত গুটিয়ে ঘরে বসে থাকবে না বিএনপি।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট খোরশেদ আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট নিহার হোসেন ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট বোরহানউদ্দিন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহসিন মিয়া, জেলা পিপি অ্যাডভোকেট ইকবাল হোসেন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।
Reporter Name 














