সিএনএম প্রতিনিধিঃ
রাজধানীর লালবাগের শহীদনগরে ফর্মা বিপ্লব (৩৫) কে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে শহীদনগর চার নম্বর গলির রোড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিপ্লব শহীদনগর ছয় নম্বর গলির নজরুল ইসলামের ছেলে। তিনি শ্মশানঘাট কেল্লার মোড় বাজারের একটি মাছের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুর ২টার দিকে অজ্ঞাতপরিচয় তিনজন থেকে চারজন দুর্বৃত্ত এসে বিপ্লবকে ছুরিকাঘাত করেন। তার বুকের বাম পাশে, বাম পায়ের হাঁটুর নিচে এবং ডান হাতের কবজিতে ছুরিকাঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন বিপ্লবকে ঘটনাস্থলে পড়ে থাকতে দেখে লালবাগ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। বিকেল ৪টা ১৫ মিনিটে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মর্গে নেওয়া হয়।
Reporter Name 














