সিএনএমঃ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১ লাখ ৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় তৈরি পোশাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া সীমান্ত এলাকা থেকে এসব তৈরি পোশাক জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা রাংটিয়া সীমান্ত এলাকায় অভিযান চালান। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তৈরি পোশাক ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া ভারতীয় তৈরি পোশাকগুলো জব্দ করেন বিজিবির সদস্যরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা তৈরি পোশাকের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৬ হাজার ৫০০ টাকা।
ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজিদ বলেন, আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 























