সিএনএমঃ
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, শামসুল হক টুকু, জিয়াউল আহসান, শহীদুল হক, শাহরিয়ার কবির, আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল হক বাবুসহ নয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে পরবর্তী শুনানির জন্য আগামী ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
রোববার (১৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।
বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
শুনানিতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন। তাঁর সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ ও সহিদুল ইসলাম সরদার।
প্রসিকিউটর জহিরুল আমিন বলেন, মামলায় শেখ হাসিনাসহ ৩০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তবে আসামিদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের খুঁজে পায়নি। এর মধ্যে ২০ আসামির বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া গেলেও বাকিদের প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, প্রোডাকশন ওয়ারেন্ট জারি না হওয়ায় মানবতাবিরোধী অপরাধের অন্য মামলায় সাজাপ্রাপ্ত হাসানুল হক ইনু এবং আরেক মামলায় গ্রেপ্তার আবদুর রাজ্জাককে রোববার ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। এ কারণে পরবর্তী শুনানির জন্য সময় চাওয়া হয়।
ট্রাইব্যুনাল প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু এবং পলাতক আসামিদের বিষয়ে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) দাখিলের জন্য ৩ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেন।
মামলায় শেখ হাসিনা ছাড়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, মাহবুবউল আলম হানিফ, হাসান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবদুল লতিফ সিদ্দিকী, মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরীসহ আরও অনেকে।
গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে জারি করা পরোয়ানা এবং গ্রেপ্তার ব্যক্তিদের হাজিরের জন্য ১৬ আগস্ট দিন ধার্য করা হয়েছিল।
মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞের অভিযোগ আনা হয়েছে।
Reporter Name 
























