সিএনএম ডেস্কঃ
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দুই বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে তিনি বক্তব্য দেবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার ঠিক দু’বছর পর ভারতে প্রথম প্রকাশ্যে উপস্থিত হতে চলেছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫ আগস্ট সন্ধ্যা ৬টায় নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত একটি ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি যোগ দেবেন।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে নয়াদিল্লির মথুরা রোডে অবস্থিত স্যার মার্ক টুলি অডিটোরিয়ামে। একই সঙ্গে এফসিসি সাউথ এশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে শেখ হাসিনা তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে ফিরে যাওয়ার সম্ভাবনা নিয়ে তাঁর বক্তব্য জানাতে পারেন বলে জানা গিয়েছে।
প্রথম বড়ো প্রকাশ্য উপস্থিতি
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে শুরু হওয়া ছাত্র আন্দোলন পরে দেশব্যাপী সরকারবিরোধী আন্দোলনে পরিণত হয়। বিক্ষোভকারীরা ঢাকায় বিভিন্ন সরকারি ভবনে হামলা ও ভাঙচুর চালালে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন।
এর পর থেকে তিনি বিভিন্ন সময়ে বিবৃতি দিয়েছেন, সাক্ষাৎকারে যোগ দিয়েছেন এবং কয়েকটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। তবে ২০২৪ সালের আগস্টের পর এটিই তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশ্য উপস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে কারা থাকবেন
অনুষ্ঠানের আমন্ত্রণপত্র অনুযায়ী, শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের একাধিক রাজনৈতিক নেতা, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিত্ব যোগ দেবেন।
তাঁদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ছেলে ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের সাধারণ সম্পাদক মহম্মদ আলী সিদ্দিক।
এ ছাড়া সাবেক বাংলাদেশ জাতীয় ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, রাজনৈতিক ও সন্ত্রাসবিরোধী বিশ্লেষক আবু ওবায়দা আরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএ-এর পরিচালক শাহ মোহাম্মদ বখতিয়ারও প্যানেলে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এফসিসি সাউথ এশিয়ার সভাপতি এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবস-এর (আইএপিসি) প্রধান ড. ওয়াইল আউয়াদ।
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন
শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়ো পরিবর্তন এসেছে। নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দায়িত্ব শেষ করে। এর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বে সরকার গঠন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নতুন সরকার আওয়ামী লীগের একাধিক সাবেক নেতার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অব্যাহত রেখেছে। একই সঙ্গে আদালতের কার্যক্রম চলাকালীন সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ রয়েছে।
এ দিকে একটি ট্রাইব্যুনাল আন্দোলন দমনে অভিযানের ঘটনায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। তাঁকে দেশে ফেরাতে বাংলাদেশ সরকার একাধিক বার ভারতের কাছে প্রত্যর্পণের আবেদনও জানিয়েছে।
সম্প্রতি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, বছরের শেষ নাগাদ তিনি বাংলাদেশে ফিরতে চান। কারাবন্দি হওয়া বা প্রাণনাশের ঝুঁকি থাকলেও নিজের সিদ্ধান্তে তিনি অনড় বলে উল্লেখ করেন।
Reporter Name 




















