সিএনএমঃ
রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো- ১। আল-আমিন (২৭) এবং ২। মো. সোহান হোসাইন (২৬)।
গুলশান থানা সূত্রে জানা যায়, রবিবার (২ আগস্ট) বিকাল আনুমানিক ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানার একটি আভিযানিক দল জানতে পারে, গুলশান-১ এলাকার রোড নং-৩৪-এ একটি বাসার সামনে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ জাল নোট নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে আল-আমিন ও মো. সোহান হোসাইনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।
Reporter Name 



















