সিএনএমঃ
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো সানাউল্লাহ জানিয়েছেন আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের ৬ জুনের আগে শেষ করার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সবাই সম্মত হয়েছেন।তবে নির্বাচন শুরুর সময় নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কমিশন সভায় আলোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনকে সামনে রেখে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনের ঘোষিত কর্মপরিকল্পনা বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। সংসদ নির্বাচনের মতোই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।’
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৬ জুনের মধ্যে শেষ করার বিষয়ে বৈঠকে সবাই সম্মত হয়েছেন। আমরা প্রাথমিক যে তারিখ দিয়েছিলাম সেটি সম্ভাব্য সময় ছিল।
নভেম্বর থেকে নির্বাচন শুরু হচ্ছে কি না-জানতে চাইলে ইসি সানাউল্লাহ বলেন, ‘আজকের বৈঠক থেকে যে তথ্য-উপাত্ত পেয়েছি তা নিয়ে কমিশন সভায় আলোচনা করার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’
যে ২৬ মন্ত্রণালয়, সংস্থা বা বিভাগের প্রতিনিধিরা ইসির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন- মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মহাপুলিশ পরিদর্শক, সশস্ত্র বাহিনী বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
এছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ/কোস্টগার্ড/আনসার ও ভিডিপি/ডিজিএফআই/এনএসআই/এনটিমসি, বাংলাদেশ ডাক বিভাগ, হেড অব বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বাংলাদেশ ব্যাংককেও বৈঠকে থাকতে বলা হয়।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন সচিব, পুলিশের আইজিপিসহ ২৬ মন্ত্রণালয়-বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Reporter Name 























