সিএনএমঃ
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো উপস্থিত হয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে তিনি দলীয় কার্যালয়ে পৌঁছান বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, বর্তমানে তারেক রহমান নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নিজের চেম্বারে অবস্থান করছেন এবং সেখান থেকে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছেন।
এ সময় তিনি দল ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলছেন।
এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি উপস্থিত রয়েছেন।
দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর আগমনের খবর ছড়িয়ে পড়লে দুপুর থেকেই বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।