সিএনএমঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৬টি স্বর্ণের বারসহ দবির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের বারগুলোর মোট ওজন ৭০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা।
গতকাল শনিবার রাতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীন মুন্সিপুর বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। আটক দবির উদ্দিন দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের মো. দলিলের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টহল দল জানতে পারে, আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৩ থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর কবরস্থান এলাকা দিয়ে ভারতে স্বর্ণের একটি চালান পাচারের চেষ্টা চলছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ওই এলাকায় অবস্থান নেন। পরে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে দবির উদ্দিনকে আটক করা হয়।
এ সময় তাঁর দেহ তল্লাশি করে বিশেষভাবে লুকিয়ে রাখা ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধার করা বারগুলোর মোট ওজন ৭০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা।
বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের বারগুলো আইনানুগ প্রক্রিয়ায় চুয়াডাঙ্গা সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য ও স্বর্ণের চোরাচালান বন্ধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতার সঙ্গে কাজ করছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে।
Reporter Name 
























