সিএনএমঃ
কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে পৃথক দুটি অভিযানে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা। এ ঘটনায় চার মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাতে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্ট ও উখিয়ার পালংখালী সীমান্তের উলুবুনিয়া মাঝের কাঠি এলাকায় এসব অভিযান চালায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশির সময় টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি ডাবল কেবিন পিকআপের পেছনের সিটের কভারের নিচে লুকানো ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িচালক মো. সাইফুল ইসলামকে (৩১) আটক করা হয়।
উখিয়ার পালংখালী সীমান্তের উলুবুনিয়া মাঝের কাঠি এলাকায় মিয়ানমার থেকে পোঁটলা নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তিন ব্যক্তিকে আটক করে বিজিবি। পরে তাদের বহন করা ৩৪টি কার্টন থেকে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন উখিয়ার কাটাখাল এলাকার রাসেল (২৩) ও শাকিল (২২) এবং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা খাইরুল আমিন (২৪)।
মঙ্গলবার দুপুরে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, গত এক বছরে নাফ নদী, টেকনাফ ও উখিয়া সীমান্তে বিভিন্ন অভিযান চালিয়ে ১ কোটি ৭৩ লাখ পিস ইয়াবা উদ্ধার এবং ২৩৮ জন মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
তিনি আরও বলেন, মাদক কারবারিরা বিভিন্ন কৌশলে ইয়াবা পাচারের চেষ্টা করলেও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
Reporter Name 
























