সিএনএমঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ অক্টোবর।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর।
প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ অক্টোবর।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ঠাকুরগাঁও, উপজেলা নির্বাচন অফিসার রুহিয়া, উপজেলা নির্বাচন অফিসার ভুল্লি- এই তিনজন।
তিনি বলেন, এ নির্বাচনে আউট অভ কান্ট্রি ভোটিং থাকছে এবারও। গত নির্বাচনে বিদেশ থেকে ঠাকুরগাঁও-১ আসন থেকে নিবন্ধিত হয়েছিলেন ৩৮৬ জন, ৩৩টি দেশ থেকে। তার মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধিত হয়েছিলেন সৌদি আরব থেকে। ইন কান্ট্রি পোস্টাল ভোটিংয়ে নিবন্ধনের সংখ্যা ছিল ৪ হাজার ৪৫, তার মধ্যে সরকারি চাকরিজীবী ছিল ২ হাজার ৭৩৫।
২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
এতে বলা হয়- সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, গত ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকে আসনটি শূন্য হয়েছে।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচিত হয়েছিলেন। গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩-তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। এবার ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন। ভোটারের সংখ্যা বেড়েছে ৮ হাজার ৩২২ জন। নির্বাচনে ভোটগ্রহণ সকাল আটটা থেকে টানা বিকেল চারটা পর্যন্ত। ভোটকেন্দ্র ১৮৫টি, ভোটকক্ষ ৯৮৯টি।
Reporter Name 
























