সিএনএমঃ
সাতক্ষীরা থেকে পাবনায় মাদক পাচারের সময় যশোরে ১৯৭ বোতল ভারতীয় উইনকেরেক্স ও এসকাফ সিরাপসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে যশোর শহরের পালবাড়ী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালবাড়ী বাসস্ট্যান্ডে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হয়। এ সময় সাতক্ষীরা থেকে পাবনাগামী কাজী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ওই তিনজনের কাছ থেকে মাদকগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার আব্দুল মান্নান (৬২), একই উপজেলার ওসমান গনি (৪৯) এবং সিরাজগঞ্জের শাহজাদপুরের শফিকুল ইসলাম (৪০)।
র্যাবের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। উত্তরাঞ্চলে সরবরাহের উদ্দেশ্যে চালানটি পাবনায় নেওয়া হচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।
পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স বলেন, মাদক ও অবৈধ পণ্য পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এসব পণ্য পরিবহনে ব্যবহৃত রুটগুলোতে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।
Reporter Name 
























