সিএনএমঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি অভিযোগ করেছেন, নির্বাচন বানচাল করার জন্য একটি চক্র উঠেপড়ে লেগেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “নির্বাচনকে বানচাল করার জন্য উঠেপড়ে লেগেছে একটি চক্র। তারই ধারাবাহিকতায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে। আজ একজন প্রার্থীকে গুলি করা হয়েছে, এর তীব্র নিন্দা জানাচ্ছি।”
বিএনপি মহাসচিব অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসাথে, তিনি এ ঘটনার প্রতিবাদে সারা দেশে কর্মসূচি পালনের কথাও ঘোষণা করেন।
মির্জা ফখরুল এই আলোচনা সভায় মওলানা ভাসানীর নেতৃত্ব নিয়ে কথা বলেন। তিনি বলেন, “এই দেশের রাজনীতিতে নেতৃত্বের ভূমিকায় ছিলেন মওলানা ভাসানী। তার নাম বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করা সম্ভব না।”
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দেবেন। নির্বাচনের পর আমরা একটি জাতীয় সরকার গঠন করব।”