সিএনএমঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বিএনপি গত সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন।
রবিবার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত ‘জুলাই সনদের এক বছর সালতামামি’ শীর্ষক মুক্ত আলোচনায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি প্রতিদিনই একেকটি প্রতিশ্রুতি ভঙ্গ করছে। এরপরও দলটি দম্ভের সঙ্গে জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের ঘোষণা দিচ্ছে। তাঁর দাবি, এরই মধ্যে জুলাই সনদের ১৭টি ধারা লঙ্ঘন করেছে বিএনপি। গত সাত মাসে দলটি ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপির এই নেতা বলেন, বিএনপি এমন একটি অবস্থান নিয়েছে, যেখানে একদিকে সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, অন্যদিকে সংস্কার কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এ পরিস্থিতিতে সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছিল তাঁদের দল।
তিনি আরও বলেন, গণভোটের ফলাফল গ্রহণ না করায় সরকারদলীয় সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। এর ফলে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা ব্যাহত হয়েছে বলে তিনি মনে করেন।
হাসনাত আবদুল্লাহর অভিযোগ, বিএনপির অবস্থানের কারণে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া কার্যত অকার্যকর হয়ে পড়েছে। তাঁর ভাষায়, দলটি একদিকে সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলছে, অন্যদিকে গত সাত মাসে জনগণের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
Reporter Name 























