সিএনএমঃ
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের সাত সক্রিয় সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে সন্ত্রাস ও চাঁদা দাবির কাজে ব্যবহৃত একাধিক মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
একই সাথে গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ এবং প্রকাশ্য অস্ত্র প্রদর্শনের ঘটনায় জড়িতদেরও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল নিশ্চিত করেছেন যে, ডেভিড ইমনের সাত সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে এবং সীতাকুণ্ডের ঘটনায় অস্ত্রধারীদের গ্রেপ্তার করা হয়েছে। পুরো অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালী থানা এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০ জুলাই ফটিকছড়ির কাঞ্চননগর এলাকায় অভিযান চালিয়ে একাধিক বিদেশি পিস্তল ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশের রেকর্ড অনুযায়ী, চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় ডেভিড ইমনের বিরুদ্ধে অন্তত ১৩টি হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির মামলা রয়েছে। তাঁর সহযোগী ও সীতাকুণ্ডের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Reporter Name 






















