সিএনএমঃ
গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ গাজীপুরের কালীগঞ্জের শীর্ষ মাদক কারবারি মো. জয়নাল আবেদীন ওরফে মিন্টুকে (৪৭) গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেফতার জয়নাল আবেদীন মিন্টু গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের ছিদ্দিক মোল্লার ছেলে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল বনানীর মহাখালী আমতলা থেকে তিতুমীর কলেজগামী সড়কের অ্যাডভান্স নুরানী টাওয়ারের সামনের ফুটপাতে অভিযান চালায়। এ সময় ৩ হাজার পিস ইয়াবাসহ জয়নাল আবেদীনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে জিডিএল ব্র্যান্ডের জি৮+ মডেলের একটি মোবাইলফোন জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গ্রেফতার আসামির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতার মিন্টু নিজ এলাকায় বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত এবং তিনি দলীয় এক শীর্ষ নেতার নিকটাত্মীয়।
Reporter Name 
























