সিএনএমঃ
কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন (১৪) হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য, তাজমিনকে দিকভ্রান্ত করে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন সুমন।
শনিবার (১০ অক্টোবর) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে তাজমিন সুমন নামের ওই অটোরিকশাচালককে কুমিল্লার রেসকোর্স এলাকায় নামিয়ে দেওয়ার জন্য ভাড়া করেন। এ সময় সুমনের মনে অসৎ উদ্দেশ্য জাগে। তিনি পদুয়ার বাজার থেকে শহরের দিকে না গিয়ে তাজমিনকে নিয়ে বিজরার দিকে চলে যান। দীর্ঘ সময় ধরে বিভিন্ন জায়গায় ঘোরানোর পর তাকে লালমাই উপজেলার জগতপুর এলাকার একটি নির্জন রাস্তায় নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় তাজমিন ও সুমনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে অটোরিকশাটি ধানখেতে কাত হয়ে পড়ে যায়। তাজমিন দৌড়ে পালিয়ে নিজেকে রক্ষার চেষ্টা করে। তবে দুর্বল হয়ে পড়লে সুমন তাকে কাবু করেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
Reporter Name 






















