সিএনএম ডেস্কঃ
ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের চালানো এক হামলায় ২ হাজার পাউন্ড ওজনের বোমা ব্যবহারের দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। ভিডিও, স্থিরচিত্র ও স্যাটেলাইট ছবি বিশ্লেষণের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় একটি আবাসিক বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
ইরানি কর্মকর্তাদের দাবি, হামলায় একই পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের দুই বছর বয়সী সন্তান নিহত হয়েছেন। এছাড়া পরিবারের আরও দুই শিশুকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হামলাস্থলটি হরমুজ প্রণালির কাছাকাছি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এবং ওই বাড়ির আশপাশে কোনো সামরিক স্থাপনা ছিল না। হামলায় ইরানের কোনো সামরিক সদস্য হতাহত হওয়ার তথ্যও পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার কারণে অন্তত ২০টি পরিবার ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় প্রায় ২০০ ফুট দূর পর্যন্ত ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে এবং আশপাশের বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
একই দিনে কেশম শহরের বাইরে ইরানের দুটি অস্ত্রভাণ্ডারেও হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দক্ষিণ ইরানে হামলার বিষয়টি নিশ্চিত করলেও বেসামরিক হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
তবে সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেছেন, বেসামরিক হতাহতের অভিযোগ সম্পর্কে তারা অবগত এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি দাবি করেন, মার্কিন বাহিনী ইচ্ছাকৃতভাবে কখনো বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করে না।
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা আপাতত বন্ধ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে ইঙ্গিত দিলেও কোনো নির্দিষ্ট সময়সূচি জানাননি। অন্যদিকে, ইরান জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনা চলছে না।
Reporter Name 
























