সিএনএমঃ
শরীয়তপুরের পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫ লাখ ২০ হাজার মিটার অবৈধ জাল ও ১৫০ কেজি মাছ জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় দুজনকে আটক করা হয়েছে। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত গোসাইরহাট উপজেলার মেঘনা নদীর কোদালপুর এবং ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীর কাচিকাটা এলাকায় এ অভিযান চালায় নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ি।
আটক ব্যক্তিরা হলেন সেলিম মিয়া (৪৯) ও ইউসুফ সরদার (২৭)। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নৌ পুলিশ জানায়, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা ও ইলিশের উৎপাদন বাড়াতে জেলা পুলিশ, মৎস্য বিভাগ ও নৌ পুলিশ যৌথভাবে নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ৫ লাখ ২০ হাজার মিটার অবৈধ জাল ও ১৫০ কেজি মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সোহাগ রানা বলেন, মা ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমে নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বুধবার দুটি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ জব্দের পাশাপাশি দুজনকে আটক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 
























