সিএনএমঃ
বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের শাড়ি ও পাঞ্জাবি জব্দ করেছে কোস্টগার্ড।
চোরাচালানে ব্যবহৃত একটি মাছ ধরার ট্রলার ও একটি কাভার্ড ভ্যানসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন,পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া এলাকার সোহাগ সরদার (৩২), একই উপজেলার মৌডুবি এলাকার সাগর হাওলাদার (৩৮), কুয়াকাটার মহিপুর এলাকার মঞ্জু মোল্লা (৩২), কলাপাড়া উপজেলার খলিলপুর এলাকার রেজাউল গাজী (৩৭) এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নবানখালী এলাকার বিল্লাল হাওলাদার (৪৫)।
কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ২টার দিকে পাথরঘাটার কাকচিরা ইউনিয়নের বিষখালী নদীসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের সদস্যরা। এ সময় একটি মাছ ধরার ট্রলার ও একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ভারত থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৩ হাজার ৫০৭টি শাড়ি ও ১ হাজার ৪৬৬টি পাঞ্জাবি উদ্ধার করা হয়।
উদ্ধার করা পণ্যগুলোর বাজারমূল্য প্রায় ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড। পরে শাড়ি-পাঞ্জাবিসহ ট্রলার ও কাভার্ড ভ্যানটি জব্দ এবং চোরাচালানে জড়িত পাঁচজনকে আটক করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 
























