সিএনএমঃ
দুই মাসের বকেয়া বেতন পরিশোধসহ তিন দফা দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন মডিস্ট ইপিজেড লিমিটেডের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এ কর্মসূচিতে কয়েক শতাধিক শ্রমিক অংশ নেন।
মানববন্ধনে শ্রমিকরা জুলাই ও আগস্ট মাসের বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানান। পাশাপাশি কারখানার আর্থিক কার্যক্রম তদন্ত এবং প্রয়োজনে কারখানা নিলামের মাধ্যমে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি তোলেন তারা।
আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে বেতন নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন কারখানার শ্রমিক-কর্মচারীরা। দ্রুত তাদের বকেয়া বেতন পরিশোধ করে সংকটের সমাধান করতে হবে।
শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন করা না হলে আগামী ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) বেপজা কার্যালয়ের সামনে আমৃত্যু অনশন কর্মসূচি পালন করা হবে।
মানববন্ধনে সমন্বয়কারী মো. এরশাদ হোসেন ছাড়াও মো. সাজু মিয়া, মো. ফয়সাল হোসেন, শাহিনুর বেগম ও সেলিনা আক্তারসহ কারখানাটির বিভিন্ন পর্যায়ের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মসূচি শেষে শ্রমিকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় আন্দোলনকারীদের কয়েকজন প্রতিনিধি চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছেও স্মারকলিপি দিতে যান।
Reporter Name 
























