সিএনএমঃ
সাতক্ষীরায় ৫৬ বোতল নিষিদ্ধ কোরেক্স সিরাপসহ জেলা পুলিশের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পুলিশ কনস্টেবল মোস্তাইন বিল্লাহ ও কনস্টেবল নাজমুল ইসলাম। এর মধ্যে মোস্তাইন বিল্লাহ সাতক্ষীরা পুলিশের স্পেশাল ফোর্স (এসএফ) শাখায় এবং পূর্বে জেলা গোয়েন্দা পুলিশেও (ডিবি) দায়িত্ব পালন করেছিলেন। অন্যদিকে নাজমুল ইসলাম ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাইপাস সড়কে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৫৬ বোতল কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
পুলিশের একটি সূত্র জানায়, অভিযুক্ত মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরের সার্কিট হাউস মোড় এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি এক গোয়েন্দা প্রতিবেদনে মোস্তাইন বিল্লাহর বিরুদ্ধে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদক সংগ্রহ করে তা বিক্রির চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সার্কিট হাউস মোড়সংলগ্ন একটি চা ও ক্যারাম বোর্ডের দোকানে বসে মোস্তাইন বিল্লাহ ইয়াবা, কোরেক্স ও গাঁজা বিক্রি করতেন। এই অবৈধ কার্যক্রমে তাইফুর নামের এক দোকানমালিক তাকে সহযোগিতা করতেন। এসব অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি জোরদার করার পর সোমবার এই সফল অভিযান পরিচালিত হয়।
ঘটনার বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, ডিবির অভিযানে কোরেক্সসহ দুই পুলিশ সদস্য আটকের বিষয়টি তিনি শুনেছেন, তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাকে এখনো কিছু জানানো হয়নি।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা কঠোর হুশিয়ারি দিয়ে জানিয়েছেন, অভিযুক্তরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হলেও অপরাধ করলে আইনগত ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 
























