সিএনএমঃ
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার প্রায় ১০০ গজের মধ্যে শহরের ফকিরাপুল এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া ভিডিওর পরিবেশ বিশ্লেষণ করে মিছিলটি ভোরের দিকে অনুষ্ঠিত হয়েছে বলে প্রতীয়মান হয়। ভিডিওতে ফকিরাপুল এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. সানি শাহের নেতৃত্বে একদল নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলটি শহরের কাজীপাড়া এলাকা থেকে শুরু হয়ে টিএ রোড দিয়ে থানা ব্রিজ ও সদর মডেল থানাসংলগ্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে শেখ হাসিনার ছবি সংবলিত একটি ব্যানার বহন করতে দেখা যায়। ব্যানারে লেখা ছিল—‘প্রত্যাবর্তন ২.০, শেখ হাসিনা আসছে’ এবং ‘ডেডলাইন নভেম্বর, হেডলাইন ডিসেম্বর’।
মিছিল শেষে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে মো. সানি শাহ বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ একত্রিত হয়েছে।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বক্তারা বলেন, ছাত্রদলের ‘অস্ত্র ও রক্তের অপরাজনীতির’ বিরুদ্ধে ছাত্রলীগ ‘ফুল ও ভালোবাসা’ দিয়ে রাজপথ জয় করবে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই। কিছু ভিডিও নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
Reporter Name 























