সিএনএম ডেস্কঃ
হরমুজ প্রণালির কাছে ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান।
রোববার দিবাগত রাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলোতে প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়, জর্ডানের কিং হোসেন ও আল-আজরাক সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। আইআরজিসি এ অভিযানকে ‘আগ্রাসী শক্তির জন্য শাস্তি’ হিসেবে বর্ণনা করেছে।
আইআরজিসির দাবি, হামলায় মার্কিন বাহিনীর প্রযুক্তিগত ও কারিগরি অবকাঠামো এবং যুদ্ধবিমান মোতায়েনের স্থাপনা ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে তারা।
তবে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের বিরুদ্ধে প্রতিটি হামলার আরও শক্তিশালী জবাব দেওয়া হবে। হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ দুর্বল করার চেষ্টা করে পরিস্থিতির সমাধান সম্ভব নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে রোববার হরমুজ প্রণালির কাছে অবস্থিত ইরানের লারাক দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এক মাসেরও বেশি সময় পর ইরানে এটি ছিল মার্কিন বাহিনীর প্রথম এ ধরনের হামলা।
মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায়, হরমুজ প্রণালিতে রকেটের মাধ্যমে মাইন স্থাপনের প্রস্তুতির সময় লারাক দ্বীপে হামলা চালানো হয়। দ্বীপটিতে থাকা ইরানের দুটি উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে বলে ওই কর্মকর্তা জানান।
হামলায় সামরিক ও বেসামরিক লোকজন হতাহত হয়েছে দাবি করে এর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল আইআরজিসি।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লারাক দ্বীপটি হরমুজ প্রণালির কাছে অবস্থিত। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথটিকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার এই দাবি মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়েছে।
Reporter Name 













