সিএনএম ডেস্কঃ
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে কঠোর শর্ত বেঁধে দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
সংস্থাটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানিয়েছেন, তেহরানের দেওয়া শর্তাবলি পুরোপুরি মেনে না নেওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধই থাকবে।
আনুষ্ঠানিক বার্তায় মোহেব্বি দাবি করেন, এই মুহূর্তে হরমুজ প্রণালির সার্বিক পর্যবেক্ষণ ও সামরিক নিয়ন্ত্রণ শতভাগ ইরানের হাতে রয়েছে। পারস্য উপসাগরীয় এই কৌশলগত এলাকায় শত্রুপক্ষের কোনো যুদ্ধজাহাজ উপস্থিত নেই এবং সম্ভাব্য প্রতিক্রিয়া এড়াতে সামরিক জাহাজগুলো অন্তত ৪০০ কিলোমিটার দূরে অবস্থান করছে।
তিনি আরও উল্লেখ করেন, ওমানের সাথে ভৌগোলিক জলসীমার অংশীদারিত্বের ভিত্তিতে একটি বহুমাত্রিক সমঝোতায় পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। ইতোমধ্যে ওমানের সাথে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও কৌশলগত ইস্যুতে সমঝোতা হলেও ওয়াশিংটনের হস্তক্ষেপের কারণে আলোচনার অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।
আইআরজিসির শীর্ষ এই কর্মকর্তা স্পষ্ট বার্তা দিয়ে জানান, আঞ্চলিক বাস্তবতা অনুযায়ী ইরানের সম্মতি ছাড়া কোনো বাণিজ্যিক বা সামরিক নৌযান এই পথ অতিক্রম করতে পারবে না।
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি ও খনিজ তেল পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি নিয়ে তেহরানের এমন কঠোর অবস্থান আন্তর্জাতিক বাজার এবং মধ্যপ্রাচ্যের বিদ্যমান রাজনৈতিক উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।
Reporter Name 
























