সিএনএমঃ
নাটোরে র্যাবের অভিযানে বিশেষ কায়দায় পায়ুপথে লুকিয়ে রাখা ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ ২ জনকে আটক করেছে র্যাব-৫।
বুধবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে মিন্টু (৪৫) ও রাজশাহীর গোদাগাড়ী থানার মৈশালবাড়ি গ্রামের আখতারের ছেলে শাকিবুর (৩৮)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন বাজার এলাকায় একটি সন্দেহভাজন প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে আটক ব্যক্তিদের দেহে বিশেষ কায়দায় লুকানো মাদকের সন্ধান পাওয়া যায়। পরে তাদের পায়ুপথে কনডমের ভেতর বাঁধা অবস্থায় ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধার হওয়া হেরোইনের চালানটি কুষ্টিয়া থেকে জয়পুরহাটে নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
নাটোর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিলন বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Reporter Name 
























