সিএনএম প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনানাইমুড়ীতে এক কিশোরীকে পালাতক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি আবদুর রবকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার বিকেলে সোনাইমুড়ীর বজরা ইউনিয়নে এ ধর্ষণের ঘটনা ঘটে। ওইদিন রাতে কিশোরীর মা বাদী হয়ে অভিযুক্ত তিনজনকে আসামি করে সোনাইমুড়ী থানায় মামলা করেন। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কুমিল্লার লাকসাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবদুর রব (২৮) সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বাকের মিয়া ওরফে আবু তাহেরের ছেলে।
মামলার এজহারে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকাল ৫টায় সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের এ কিশোরী একটি দোকানে মোবাইলে রিচার্জ করতে যায়। দোকান থেকে ফেরার পথে একই গ্রামের বাকের মিয়ার বখাটে ছেলে আবদুর রব তার গতিরোধ করে। পরে পশ্চিম বজরা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রিপন (২৮) এসে তার মুখে গামছা পেঁচিয়ে স্কুলের পাশে ধানক্ষেতে নিয়ে যান এবং একই গ্রামের সেরু মিয়ার পুত্র সালা উদ্দিন (২৯) এসময় পাহারা দেন। এরপর তারা কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন। পরে কিশোরী বাড়িতে এসে বিষয়টি পরিবারের সদস্যদেরকে জানায়।
ওসি গিয়াস উদ্দিন বলেন, সংঘবদ্ধ এই ধর্ষণের ঘটনার প্রধান আসামিকে ঘটনার দুই দিনের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আটক আসামিকে রবিবার বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এ ছাড়া অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে।
Reporter Name 





















