সিএনএমঃ
রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগ পার্কের পাশের একটি রাস্তায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
নিহতকে হাসপাতালে নিয়ে যাওয়া অটোরিকশাচালক ইব্রাহিম জানান, কাজ শেষে অটোরিকশা গ্যারেজে রাখার জন্য যাওয়ার সময় হাজারীবাগ পার্কের রাস্তার পাশে মন্দিরের গলিতে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখেন। তার মাথার বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
পরে স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের পরামর্শে ইব্রাহিম আহত যুবককে রাত আনুমানিক আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে তাকে হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে সাগরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে
Reporter Name 






















