বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

যৌতুক ছাড়া একসঙ্গে ৬৩ এতিম কন্যার গণবিবাহ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৮.০৫ পিএম
  • ১৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

সিলেটে মানবিকতা, দায়িত্ববোধ ও সহমর্মিতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন হয়েছে। যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন “সিডস অব সাদাকাহ” “Seeds of Sadakah (SOS)” এর উদ্যোগে একসঙ্গে ৬৩ এতিম কন্যার গণবিবাহ অনুষ্ঠিত হয়েছে। রংপুর ও সিলেট অঞ্চলের এই কন্যাদের যৌতুক ছাড়া ও বিনা খরচে বিয়ে সম্পন্ন করে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিলেট নগরীর বালুচর এলাকার একটি অভিজাত কনভেনশন সেন্টারে আয়োজিত এ গণবিবাহ অনুষ্ঠানকে ঘিরে ছিল ব্যাপক প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ। দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় এক ব্যতিক্রমী সামাজিক মিলনমেলায়।
অনুষ্ঠানে বর-কনে, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কারো চোখে আনন্দের অশ্রু, কারও মুখে নীরব কৃতজ্ঞতা। সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে মানবিকতার এক অনন্য উৎসব। এই আয়োজনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মেয়েদের সামাজিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ পারিবারিক জীবনের সুযোগ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানান আয়োজকরা।
বিশিষ্ট চিকিৎসক ডা. রেদওয়ানুর রহমানের সঞ্চালনায় বিবাহ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী এবং রংপুর-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান বেলাল ও সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর। সিডস অব সাদাকাহ’র পক্ষ থেকে বক্তব্য দেন আবুল খায়ের ও জয়নুল আবেদীন রুহেল।
বক্তারা বলেন, যৌতুকবিহীন বিয়ে যে বাস্তবেও সম্ভব। এই আয়োজন তারই জীবন্ত উদাহরণ। ইসলামে বিয়ে সহজ করার যে নির্দেশনা রয়েছে, এ উদ্যোগ সেই শিক্ষারই প্রতিফলন। তারা নবদম্পতিদের জন্য সুখী, স্থিতিশীল ও আদর্শ পরিবার গঠনের আশাবাদ ব্যক্ত করেন।
দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ শাহ ওয়ালীউল্লাহ বিয়ের খুতবা পাঠ করেন এবং একে একে ৬৩টি দম্পতির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। পরে নবদম্পতিদের সুখ-শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অতিথিদের জন্য মধ্যাহ্নভোজেরও ব্যবস্থা করা হয়।
নবদম্পতিদের জন্য উপহার হিসেবে দেওয়া হয় প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী। পোশাকের পাশাপাশি খাট, বালিশ, তোশক ও তৈজসপত্রসহ সংসার শুরু করার প্রয়োজনীয় উপকরণ। আয়োজকদের মতে, এই সহায়তা তাদের নতুন জীবনের শুরুটিকে কিছুটা হলেও সহজ ও নিরাপদ করবে।

সব মিলিয়ে সেদিন সিলেটের বালুচরের সেই কনভেনশন সেন্টার হয়ে উঠেছিল এক নীরব মানবিক বিপ্লবের সাক্ষী। যেখানে ৬৩টি নতুন জীবনের গল্প শুরু হলো আশা, মর্যাদা আর ভালোবাসার আলোয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com