সিএনএমঃ
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি; দল-মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ আছি।’
রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মুক্তিযোদ্ধা হলরুমে ১১ দলীয় ঐক্যের আয়োজনে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায়’ তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেছেন, ‘এটি কোনো একক দলের বা জোটের বিষয় নয়; এটি বাংলাদেশকে রক্ষার বিষয়। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা রক্ষা এবং শহীদদের রক্ত যাতে বৃথা না যায়, সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। এজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।’
পুলিশ ও বিচার বিভাগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শেখ হাসিনার আমলে আমরা দেখেছি কীভাবে বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতেও আমরা দেখছি বিচারপতি নিয়োগ ও পুলিশ সংস্কারের ক্ষেত্রে টালবাহানা করা হচ্ছে। তারা হয়তো আবারও ‘জাতীয়তাবাদী পুলিশ বাহিনী’ তৈরির চেষ্টায় রয়েছে, যে কারণে সংস্কার অধ্যাদেশ বাস্তবায়ন করা হচ্ছে না।
অনুষ্ঠানে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা ছাড়াও জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের সদস্য এবং আহত ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
Reporter Name 















