সিএনএমঃ
কক্সবাজারের টেকনাফে প্রায় ১৯ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩ লক্ষ ৯০ হাজার ইয়াবাসহ ৫ জন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানে ইয়াবার একটি বড় চালান চট্টগ্রামের দিকে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে নাফ নদী সংলগ্ন বড়ইতলী প্রধান সড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে পাটাতনের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ৩ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই চালানের আনুমানিক বাজার মূল্য ১৬ কোটি ৫০ লক্ষ টাকা। এ সময় ১ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
শুক্রবার রাত ২টার দিকে মিয়ানমার থেকে একটি সন্দেহজনক ফিশিং বোট শাহপরীর দ্বীপ গোলারচর সংলগ্ন বাংলাদেশ জলসীমায় প্রবেশ করার সময় কোস্ট গার্ড অভিযান চালিয়ে বোটটি আটক করে। বোটে তল্লাশি চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ ৪ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানিয়েছে, জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত বোট ও কাভার্ড ভ্যান এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।