সিএনএমঃ
নীলফামারীর সৈয়দপুরে পুলিশের বিশেষ অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরি চক্রের মূল হোতা ও সক্রিয় সদস্য দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মো. সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় ও হেফাজতে রাখার অভিযোগে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের মতির মোড় (ফাইলেরিয়া হাসপাতাল) এলাকার মো. ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, অপরাধ, চুরি-ছিনতাই ও মাদকবিরোধী অভিযানে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। গোপন তথ্যের ভিত্তিতে খবর পাওয়ার পরপরই অভিযান চালিয়ে চোর চক্রের মূল হোতাসহ একজন ক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হচ্ছে। সৈয়দপুরকে মাদক, চুরি ও অন্যান্য অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 























