সিএনএমঃ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের তফসিল শিগগিরই ঘোষণা করা হবে। সব প্রস্তুতি শেষ হলে তফসিল ঘোষণার সময়েই তা প্রকাশ করা হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সিইসি।
এ এম এম নাসির উদ্দীন বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পুলিশসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ ও প্রস্তুতি চলছে। ‘শিগগিরই দেখতে পাবেন। সবকিছু যখন সমাপ্ত হবে, তফসিল ঘোষণার যখন সময় হবে, তখন ঘোষণা হয়ে যাবে।’
তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও একই মান ও গুণগত মান বজায় রেখে আয়োজন করতে চায় নির্বাচন কমিশন। এ জন্য পুলিশের সহায়তা চাওয়া হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও নির্বাচন কমিশনকে সহযোগিতার বিষয়ে পূর্ণ অঙ্গীকার রয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না জানিয়ে সিইসি বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আইনে যারা যোগ্য, তারাই নির্বাচনে অংশ নিতে পারবেন। যারা আইনি বাধার কারণে যোগ্য নন, তারা অংশ নিতে পারবেন না।
Reporter Name 























