সিএনএমঃ
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত, গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী ব্যাংকের একদল গ্রাহক। একই সঙ্গে ব্যাংক খাতে অনিয়ম ও কথিত শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিচারের দাবিও জানান তারা।
বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সচেতন গ্রাহক ফোরাম-এর ব্যানারে মতিঝিলের ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পল্টনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী গোষ্ঠীর মাধ্যমে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ পরিবর্তনের পর ব্যাংকটির সুশাসন, আর্থিক স্থিতিশীলতা এবং গ্রাহকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দাবি, কথিত শেয়ার কেলেঙ্কারি, ব্যাংক দখল এবং আর্থিক অনিয়মের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে ব্যাংকিং খাতে জনগণের আস্থা ফিরবে না।
এবক্তারা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দায়মুক্তি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে সম্পাদিত কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য। তবে রাষ্ট্রপতি হওয়ার আগে সংঘটিত কর্মকাণ্ডের ক্ষেত্রে এ দায়মুক্তি প্রযোজ্য নয় বলে তিনি দাবি করেন। তার ভাষ্য, ২০১৭ সালে ইসলামী ব্যাংকের দায়িত্ব পালনের সময় সংঘটিত কথিত শেয়ার কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মের অভিযোগে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত, মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
সমাবেশে উত্থাপিত এসব অভিযোগ বক্তাদের নিজস্ব বক্তব্য। এ বিষয়ে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বা তার আইনজীবীদের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এছাড়া অভিযোগগুলোর বিষয়ে আদালতের কোনো চূড়ান্ত রায়ও হয়নি।
Reporter Name 
























