সিএনএমঃ
নারায়ণগঞ্জে ১১ দফা বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার বেলা ১১ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অবরোধ পালন করে শ্রমিকরা। নগরীর বরফকল এলাকায় আনোয়ারা গ্রুপের পোশাক শ্রমিকরা এ কর্মসূচি শুরু করেন।
শ্রমিকদের অবরোধের কারণে নারায়ণগঞ্জ-আদমজী রোড়ে কেল্লারপুল থেকে খানপুর পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই সড়কটিতে শ্রমিকরা অবস্থান নেওয়ায় বিকল্প পথ ব্যবহার করে নগরীর যানবাহন চলাচল করতে দেখা যায়।
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) থেকে বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। শনিবার তারা ১১ দফা দাবি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন।
শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, পরিপূর্ণ বাৎসরিক অর্জিত ছুটির টাকা পরিশোধ, শতভাগ বোনাস প্রদান, হাজিরা বোনাস চালু, অর্ধবেলা ছুটির জন্য বেতন কর্তন না করা, স্টাফদের শোভন আচরণ নিশ্চিত করা, ঈদের ছুটিতে বেতনভুক্ত ছুটির সুবিধা যুক্ত করা, চাকরির সার্ভিস-সংক্রান্ত সকল পাওনা পরিশোধ, পিস রেট কত শতাংশ বৃদ্ধি করা হবে তা প্রকাশ, অস্ত্রধারী অ্যাডমিন জাকিরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে তাকে কর্মস্থল থেকে বহিষ্কার, শ্রম আইন অনুযায়ী সকল ন্যায্য পাওনা পরিশোধ এবং আন্দোলনে অংশ নেওয়া কোনো শ্রমিককে চাকরিচ্যুত না করা।
ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তারিফ আল তাওহীদ ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের আশ^াস দিয়ে বলেন, মালিকপক্ষ সহ সবার সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
শ্রমিকরা জানান, তাদের দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে তারা অনড় রয়েছেন।
নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সাজিদুর রহমান জানান, দাবিগুলো নিয়ে শ্রমিকদের সাথে আলোচনা চলছে। কয়েকটি দাবি মালিকপক্ষ মেনেও নিয়েছে। বাকি দাবিগুলো নিয়ে আলোচনা চলমান রয়েছে। তবে শ্রমিকরা এই সড়কটি বন্ধ করে রাখায় আমরা বিকল্প সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রেখেছি। আন্দোলনের কারণে যানজট বা ভোগান্তির কোন খবর নেই। পরে বিকেল সাড়ে ৪ টায় তারা কর্মসূচি স্থগিত করে সড়কটি ছেড়ে দেয়।
Reporter Name 
























