সিএনএমঃ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল সোমবার (১৩ জুলাই) ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের কালতা দিঘীপাড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ওই এলাকায় একটি পিকআপে করে মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে কয়েকজন ব্যক্তি। পরে ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে একটি হলুদ রঙের পিকআপে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে পিকআপটির ভেতরে নীল রঙের পলিথিনের ওপর খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।
তবে অভিযানের সময় পিকআপটির মালিক বা সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাব-৯-এর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত পিকআপ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।