সিএনএমঃ
কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
সোমবার (৮ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ২টার দিকে টেকনাফ থানার কেরুনতলী এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই সঙ্গে ইয়াবা পরিবহনের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।
জব্দকৃত মাদক, প্রাইভেটকার এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
দেশের উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে সংস্থাটি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
Reporter Name 























