সিএনএম প্রতিনিধিঃ
শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেপ্তার দেখানোর পক্ষে বক্তব্য দেন। আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়াসহ কয়েকজন আইনজীবী তাকে এ মামলায় গ্রেপ্তার না দেখানোর আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার ১০০ ফিট সড়কে আন্দোলনে অংশ নেন বাদী মো. শামীম মিয়া। এ সময় শরীরের বিভিন্ন স্থানে চারটি গুলিবিদ্ধ হন তিনি। পরে চিকিৎসা শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকের নাম উল্লেখ করে হত্যাচেষ্টার মামলা করেন শামীম।
ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
Reporter Name 



















