সিএনএম ডেস্কঃ
চার দশক পার করে বয়স ৪১-এ পৌঁছালেও থামার কোনো লক্ষণ নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। দীর্ঘ দুই দশক ধরে যেভাবে সংবাদমাধ্যমের কেন্দ্রবিন্দুতে নিজেকে রেখেছেন, এবারও ঠিক সেভাবেই আন্তর্জাতিক ক্যারিয়ার ও ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন পর্তুগিজ অধিনায়ক।
ট্রল ও সমালোচকদের জবাব দিয়ে জানিয়েছেন, এখনই পর্তুগালের জার্সিকে বিদায় জানানোর কোনো পরিকল্পনা নেই তার। নতুন কোচ জর্জ জেসাসের অধীনে পর্তুগাল জাতীয় ফুটবল দলের নতুন অধ্যায় শুরুর মুহূর্তে রোনালদোর চোখ এখন পেশাদার ক্যারিয়ারের ১,০০০ গোলের মাইলফলক ও দেশের হয়ে আরও এক নেশনস লিগ শিরোপায়।
পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে আয়োজিত ‘পর্তুগাল ফুটবল সামিট’-এ রোনালদো ক্যারিয়ারের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেন।
বিশ্বকাপে ব্যর্থতার পর আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবলেও, ফেডারেশন প্রধান ও নতুন কোচ জেসাসের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর তিনি সিদ্ধান্ত বদলান। স্পেনের কাছে হেরে পর্তুগালের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর পদচ্যুত রবের্তো মার্তিনেসের স্থলাভিষিক্ত হয়েছেন জেসাস।
রোনালদো বলেন, “তারা এখনো আমার ওপর আস্থা রাখছেন। আমি বিশ্বাস করি মাঠে গোল করে দলকে জেতাতে এখনো ভূমিকা রাখতে পারি। তবে যেদিন মনে হবে আমি কোনো অবদান রাখতে পারছি না বা দলের ভেতর খারাপ পরিবেশ তৈরি করছি, সেদিন নিজেই ব্যাগ গুছিয়ে প্রথম বিদায় নেব।”
বর্তমানে রোনালদোর ক্যারিয়ার গোল সংখ্যা ৯৭৯টি—যার মধ্যে ৮৩৩টি ক্লাবের হয়ে এবং ১৪৬টি পর্তুগালের জার্সিতে। চার অঙ্কের জাদুকরী ফিগার বা ১,০০০ গোল ছুঁতে তার প্রয়োজন আর মাত্র ২১টি গোল। এই অর্জনকে তিনি দেখছেন জীবনের বড় এক প্রাপ্তি হিসেবে। রোনালদো বলেন, “জাতীয় দলের হয়ে ১,০০০তম গোল করা হবে এক সুন্দর গল্পের পূর্ণতা, যেন কেকের ওপর চেরি। তবে এটা নিয়ে আমি উন্মাদের মতো ভাবছি না। প্রতিদিনের খেলাটা উপভোগ করাই আমার লক্ষ্য।”
অবসরের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া নিয়ে তিনি জানান, বয়সের এই পর্যায়ে এসে তিনি শুধু বর্তমান মুহূর্ত নিয়ে ভাবেন। সমালোচকদের উদ্দেশ্যে রোনালদোর সোজাসাপ্টা বক্তব্য, “বহু বছর ধরে সংবাদমাধ্যম আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটা কোনো অবস্থাতেই সম্ভব নয়—এমনকি শটগান দিয়েও না! এত কিছুর পরও আমি সব গুলি এড়িয়ে ঠিকই বের হয়ে আসি।” ওয়েলসের বিরুদ্ধে নেশনস লিগের ম্যাচ দিয়ে নতুন কোচের অধীনে এই অবিচল যাত্রা অব্যাহত রাখতে নামছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা।
Reporter Name 
























