সিএনএম ডেস্কঃ
ফুটবল বিশ্বে আবারও নতুন এক ইতিহাস রচনা করলেন বার্সেলোনার ১০ নম্বর জার্সির বিস্ময় বালক লামিন ইয়ামাল। চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারাইয়ের বিরুদ্ধে ৪-১ ব্যবধানের দুর্দান্ত প্রত্যাবর্তনের ম্যাচে মাত্র ১৯ বছর ৯২ দিন বয়সে ২৫টি গোল ও অ্যাসিস্টের (G/A) অনন্য মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এর মাধ্যমে ইউরোপ সেরা মঞ্চে সবচেয়ে কম বয়সে ২৫টি গোলে সরাসরি অবদান রাখার ঐতিহাসিক রেকর্ড এখন এই তরুণ তুর্কির দখলে।
চ্যাম্পিয়ন্স লিগে নিজের এই রেকর্ড গড়ার পথে ইয়ামাল পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে (২০ বছর ৩০৬ দিন), আর্লিং হাল্যান্ড (২১ বছর ১৩৯ দিন), জুড বেলিংহাম এবং লিওনেল মেসির মতো বিশ্বসেরা তারকাদের। গালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচে ফেরমিন লোপেস ও অ্যান্থনি গর্ডনের গোলে চমৎকার দুটি অ্যাসিস্ট করে নিজের এই মাইলফলকটি পূর্ণ করেন তিনি। টুর্নামেন্টে এখন পর্যন্ত ১২টি গোল ও ১৪টি অ্যাসিস্টের মাধ্যমে মোট ২৬টি গোলে অবদান রেখে নিজের জাত চিনিয়েছেন বার্সার এই প্রতিভাবান উইঙ্গার।
অল্প বয়সেই মাঠের দূরদর্শিতা, আক্রমণভাগের চটপটে দক্ষতা এবং অসাধারণ ফিনিশিং ক্ষমতা ইয়ামালকে আধুনিক ফুটবলের অন্যতম শক্তিশালী মারণাষ্ট্রে পরিণত করেছে। এমবাপ্পের মতো তারকা ফুটবলারের রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ হিসেবে এই উচ্চতায় পৌঁছানো প্রমাণ করে যে, আগামী দিনে বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ শাসন করতে যাচ্ছেন বার্সেলোনার এই তরুণ তারকা।
Reporter Name 
























