সিএনএম ডেস্কঃ
২০২৬ বিশ্বকাপ মিশন শুরুর আগে ব্রাজিল ফুটবল দলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রকে নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। ডান পায়ের কাফ মাসলে ‘গ্রেড-২’ ইনজুরির কারণে বিশ্বকাপ দলে তাঁর খেলা এখনো নিশ্চিত নয়। চোট কাটিয়ে ওঠার লড়াইয়ের অংশ হিসেবে শুক্রবার ব্রাজিলের তেরেসোপোলিসের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি।
তবে বল নিয়ে কোনো অনুশীলন না করে মাঠের সাইডলাইনে সতীর্থদের অনুশীলন দেখেছেন এবং কোচ কার্লো আনচেলত্তির সাথে দীর্ঘ আলোচনা করেছেন।
ক্যাম্প পরিদর্শনের সময় নেইমার ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তাদের স্বাগত জানান। দলের প্রধান চিকিৎসক ডা. রদ্রিগো লাসমার জানিয়েছেন, নেইমারের ইনজুরিটি সাধারণ কোনো চোট নয়। এটি থেকে পুরোপুরি সেরে উঠতে অন্তত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে। ফলে পানামা ও মিসরের বিপক্ষে আসন্ন দুটি প্রীতি ম্যাচে এই তারকার খেলা হচ্ছে না, তা প্রায় নিশ্চিত।
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। তবে এই ম্যাচে নেইমার খেলতে পারবেন কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে এবং ম্যাচের আগের দিন তাঁর বিশেষ শারীরিক পরীক্ষা করা হবে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই তাঁর বিশ্বকাপে খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি সাফ জানিয়ে দিয়েছেন, দলে জায়গা পাওয়া কেবল বর্তমান ফর্ম ও ফিটনেসের ওপর নির্ভর করবে, নামের ওপর নয়। নেইমার কোনো বিশেষ সুবিধা পাবেন না এবং শতভাগ ফিট হলেই কেবল তাঁকে বিবেচনা করা হবে। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার দ্রুত সুস্থতার দিকেই এখন তাকিয়ে আছেন সমর্থকেরা।
Reporter Name 














