সিএনএমঃ
রাজধানীর ফার্মগেটের তেজগাঁও মসজিদে গোপন বৈঠক চলাকালে ২৩ জনকে আটক করেছে পুলিশ। তাদের উগ্রবাদী বা জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মসজিদটিতে অভিযান চালানো হয়। এ সময় গোপন বৈঠকে থাকা ২৩ জনকে আটক করা হয়। তবে তারা কোন সংগঠনের সঙ্গে যুক্ত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেজগাঁও মসজিদে অভিযান চালানো হয়। গোপন বৈঠক চলাকালে সন্দেহজনক জঙ্গি হিসেবে ২৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, আটক ব্যক্তিদের উগ্রবাদী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একাধিক দল রয়েছে। আটক ব্যক্তিদের পরিচয়, তাদের মধ্যে কারও কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না এবং বৈঠকের উদ্দেশ্য কী ছিল, তা জানতে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই চলছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, যাচাই-বাছাই শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
Reporter Name 























