সিএনএমঃ
ঐতিহ্য পোশাক আর উৎসবের রঙিন আবহে পাহাড়ে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই পোয়েঃ। পুরাতন বছরের সব ক্লান্তি ও গ্লানি ঝেড়ে নতুন বছরকে বরণ করে নিতে এই উৎসবকে ঘিরে পাহাড়জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
সোমবার (১৩ এপ্রিল) সকালে স্থানীয় রাজার মাঠ থেকে শুরু হয় এক বর্ণিল শোভাযাত্রা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উৎসবের আমেজ ছড়িয়ে দেয় সর্বত্র।
শোভাযাত্রায় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত মারমা, ত্রিপুরা, বম, খুমী, তঞ্চঙ্গ্যা, চাকমা, ম্রো’সহ ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের তরুণ-তরুণীরা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন। তাদের বর্ণিল উপস্থিতি আর নৃত্য-গানে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন এবং আনন্দে মেতে উঠে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের তরুণ-তরুণীরা।
র্যালি শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় বয়স্ক পূজা, যেখানে প্রবীণদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আশীর্বাদ গ্রহণ করেন নবীন প্রজন্ম। এই পূজার মধ্য দিয়ে সমাজে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মঙ্গল কামনা করা হয়।
বিকেলে প্রতিটি মারমা পাড়ায় পাড়ায় আয়োজন করা হয় পিঠা তৈরির উৎসব। পরিবার-পরিজন ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে ঐতিহ্যবাহী পিঠা তৈরিতে ব্যস্ত সময় পার করেন সবাই। উৎসবের এই অংশটি পারস্পরিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।
Reporter Name 


















