পারিবারিক সূত্রে জানা যায়, সুকুমার রঞ্জন ঘোষ দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে পারকিনসন রোগে ভুগছিলেন। তিনি ধানমন্ডির বাসায় থাকতেন। গত কয়েকদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল।
জানা যায়, ২০১৭ সালের ২৮ মার্চ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা সদরে তার প্রতিষ্ঠিত ঝুমুর সিনেমা হলের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য দেয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকেই তিনি অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার কারণে পরিবার থেকেও তাকে আর রাজনীতিতে আসতে দেয়া হয়নি, ফলে তিনি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী (কুল প্রতীক) এবং সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেনকে (ধানের শীষ প্রতীক) পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন, যা সে সময় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরে ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।