সিএনএমঃ
সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. শাহিন চৌধুরীকে (৫৫) আটক করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক শাহিন চৌধুরী কেরাণীগঞ্জ মডেল থানার কালিন্দি ইউনিয়নের হিন্দু চরাইল এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, কেরাণীগঞ্জ মডেল থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. শাহিন চৌধুরী কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ভুল্লারহাট দিয়ে দালালের মাধ্যমে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছেন। ডিবির একটি টিম ওই এলাকায় বিশেষ নজরদারি ও তল্লাশি শুরু করে। পালানোর প্রস্তুতিকালে শাহিন চৌধুরীকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ও সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।